ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভয়াবহ পরিবেশদূষণের শিকার হয়ে ‘বিষাক্ত বিরানভূমিতে’ রূপ নিয়েছে। দাতব্য সংস্থা অক্সফামের এক নতুন প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। স্যাটেলাইটের ছবি ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনটিতে সতর্ক করা হয়েছে, গাজায় ছড়িয়ে পড়া দূষণ আগামী বহু প্রজন্মের জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) সঙ্গে যৌথভাবে অক্সফামের করা গবেষণায় দেখা গেছে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৭৮ শতাংশ ভূমি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূখণ্ডটির ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণের উপস্থিতি শনাক্ত হয়েছে। ধ্বংস হওয়া ভবনের অ্যাসবেস্টস, ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ডাইঅক্সিন ও বিভিন্ন জৈব দূষক গাজার বাতাস, মাটি এবং পানিকে মারাত্মকভাবে দূষিত করেছে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার এই পরিস্থিতিকে ‘পরিবেশগত যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এই ধ্বংসযজ্ঞ মানুষের নিরাপত্তা এবং বেঁচে থাকার উপযোগী পরিবেশের মৌলিক ভিত্তিগুলো নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, গাজার বাসিন্দারা দূষিত বাতাস, খাবার, পানি, মাটি ও ধ্বংসস্তূপের সংস্পর্শে এসে বিভিন্নভাবে বিষাক্ত উপাদানের শিকার হচ্ছেন। অমিতাভ বেহার আরও বলেন, দূষণের প্রকৃত বিস্তার উপলব্ধি করাটাই ভীতিকর। গাজার মানুষ এই বিপদ থেকে পালাতে পারছেন না, আবার নিজেদের সুরক্ষিত রাখার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। ছোট, ঘনবসতিপূর্ণ ও অবরুদ্ধ এই ভূখণ্ডে দূষণের সংস্পর্শ এড়িয়ে চলা প্রায় অসম্ভব। চারপাশে বর্জ্য ও পয়োনিষ্কাশনের ময়লা জমে থাকা, পোকামাকড়ের বিস্তার এবং রোগের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পয়োনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয় তুলে ধরে তিনি জানান, অপরিশোধিত পয়োবর্জ্য সরাসরি সমুদ্রে গিয়ে পড়ছে এবং মাটির নিচেও ছড়িয়ে পড়ছে। গাজার স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় এই দূষণ থেকে মানুষকে রক্ষার কার্যকর ব্যবস্থাও প্রায় নেই। এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ জমেছে। ধ্বংস হওয়া বাড়িঘর, আবাসিক এলাকা ও অবকাঠামোর এসব ধ্বংসাবশেষে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা রয়েছে। অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অন্যান্য উন্মুক্ত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দূষণ ব্যাপক ও তীব্র। এর প্রভাব জনস্বাস্থ্য এবং বেসামরিক মানুষের টিকে থাকার সক্ষমতার ওপর দীর্ঘস্থায়ী ক্ষতি ফেলতে পারে। প্রতিবেদনের লেখক ও অক্সফামের বৈশ্বিক পানি ও স্যানিটেশন বিশেষজ্ঞ লামা আব্দুল সামাদ বলেন, গাজার পরিবেশগত ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হবে। কারণ দূষণ ছড়িয়ে পড়েছে শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানির উৎস ও মাটিতে। এর পাশাপাশি অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপদে প্রবেশের পথও সীমিত করছে। তিনি বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি নিরূপণ এবং জরুরি ভিত্তিতে ক্ষতি কমানোর পদক্ষেপ চিহ্নিত করতে মাঠপর্যায়ে বিস্তারিত পরিবেশগত মূল্যায়ন প্রয়োজন। এ জন্য ইসরায়েলের অনুমতি ও সহযোগিতা জরুরি। গাজার পুনরুদ্ধার কার্যক্রমে বিস্ফোরকের অবশিষ্টাংশ, জৈব দূষক ও ভারী ধাতুর মতো ক্ষতিকর উপাদান অপসারণে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান, নিয়মিত পর্যবেক্ষণ এবং বিশেষায়িত প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হতে পারে। এদিকে, আন্তর্জাতিক মহলে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা বাড়লেও পরিবেশগত পুনরুদ্ধারকে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন অমিতাভ বেহার। তাঁর সতর্কবার্তা, দূষণের মাত্রা নিরূপণ ও তা মোকাবিলার ব্যবস্থা না নিয়ে পুনর্গঠন শুরু হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকট তৈরি হতে পারে। তাই পুনর্গঠনের পাশাপাশি পরিবেশ পুনরুদ্ধারকেও সমান গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে এবং চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন তাদের অনুসন্ধানে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছিল। তবে জেনেভায় অবস্থিত ইসরায়েলি মিশন কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর প্রহসন’ বলে প্রত্যাখ্যান করে। এ ছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।
সূত্র: দ্য গার্ডিয়ান