ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসামের কাছাড় জেলায় গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নেমে নিখোঁজ হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক

চোরাকারবারিদের ধাওয়া করে নদীতে নেমে নিখোঁজ বিএসএফ জওয়ান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়

ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসামের কাছাড় জেলায় গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নেমে নিখোঁজ হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য। সোমবার ভোরে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, কাছাড় জেলার হরিনগর সীমান্ত চৌকিতে দায়িত্বরত কনস্টেবল কে ভেনু ও প্রধান কনস্টেবল জিতেন্দ্র যাদব জানতে পারেন, ওই এলাকায় চার থেকে পাঁচজন চোরাকারবারি অবস্থান করছে। পরে তাদের ধরতে দুজন সেখানে গেলে চোরাকারবারিরা ধাওয়া খেয়ে বরাক নদীতে ঝাঁপ দেয়। তাদের পিছু নিয়ে দুই সীমান্তরক্ষীও নদীতে নামেন।


তবে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও কে ভেনু আর তীরে ফিরতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান, সোমবার সকালে সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার তাদের বিষয়টি অবহিত করেন। পরে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং নৌ পুলিশ যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজ সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি।


এদিকে, সীমান্তের ওপারের স্থানীয় কয়েকজনের দাবি, কে ভেনুকে ধরে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ দাবির বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে কে ভেনু নদীতে ভেসে গেছেন, নাকি অন্য কোনোভাবে নিখোঁজ হয়েছেন—তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


সূত্র: হিন্দুস্তান টাইমস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯