জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা পূরণ না করেই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের

সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ , বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়

জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা পূরণ না করেই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলন কোনো সম্মত দলিল ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল। সম্মেলনে জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল নিয়ে বড় ধরনের প্রত্যাশা ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর। কিন্তু শেষ পর্যন্ত এসব বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় হতাশা তৈরি হয়েছে।


কপ৩১-এর একটি খসড়া দলিলে অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের অর্থায়নের লক্ষ্য নির্ধারণের কথা ছিল। কিন্তু ২০ নভেম্বর সংশোধিত খসড়া প্রকাশের পর দেখা যায়, সেখানে ওই অর্থের পরিমাণ আর রাখা হয়নি। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন পাওয়ার আশা আরও অনিশ্চিত হয়ে পড়ে। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি খসড়া দলিলে যুক্ত করার পক্ষে অবস্থান নেয়। তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরের জন্য কত অর্থ সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।


এর আগে ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এরপর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। তবে কপ৩১-এ এসে অভিযোজন অর্থায়নের নির্দিষ্ট লক্ষ্য বাদ পড়ায় আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।


এর মধ্যেও বাংলাদেশের জন্য কিছুটা ইতিবাচক খবর এসেছে। সম্মেলন চলাকালে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে গ্লোবাল শিল্ড থেকে অন্তত ৫ কোটি ইউরো বা প্রায় ৬৮২ কোটি টাকা এবং জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩ কোটি ডলার বা প্রায় ৩৭৩ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, কোনো অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ। তবে এই হতাশার মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। ফলে কপ৩১ থেকে বাংলাদেশের জন্য অর্থায়নের প্রতিশ্রুতি এলেও বৈশ্বিক জলবায়ু অর্থায়নের বড় প্রশ্নগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে।


সূত্র: রয়টার্স।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯