একটি ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে করা মানহানির মামলায় এবার বড় আইনি চাপে পড়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪২ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪২ সময়

একটি ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে করা মানহানির মামলায় এবার বড় আইনি চাপে পড়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। এর আগে একাধিকবার জামিনযোগ্য পরোয়ানা জারি হলেও এবার আদালতের আদেশ আরও কঠোর হলো। সোমবার ২৩ নভেম্বর দিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।


মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংস্কৃত্যায়ন নামে এক ব্যক্তি। ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামের একটি ভিডিওকে কেন্দ্র করে তিনি এই মামলা করেন। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওতে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন ধ্রুব রাঠি। এতে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিকাশ সংস্কৃত্যায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক এবং ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের একটি ফেসবুক পাতার প্রতিষ্ঠাতা।


আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ দেখতে পান বলে জানা গেছে। পরে হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম তাকে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। এর আগে ১৭ ও ৩১ অক্টোবরও তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। তবে কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই পুলিশ তাকে আটক করে। পরদিন ১১ অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়।


মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি দাবি করেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল। তার অভিযোগ, ঘুমিয়ে থাকা অবস্থায় সাধারণ পোশাকের একদল লোক তাকে তুলে নিয়ে যায়। তবে এই মামলায় আদালতের পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর। এখন সেদিন ধ্রুব রাঠি আদালতে হাজির হন কি না এবং মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।


সূত্র: এনডিটিভি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯