আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী? বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যেই এ বিষয়ে নিজেদের

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ সময়

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী? বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যেই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। সোমবার ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন মাইকেল মিলার।


সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আশাবাদী। তবে যেকোনো অস্থিরতা মোকাবিলায় আনুপাতিক ও পরিমিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুধু রাজনৈতিক পরিস্থিতিই নয়, আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, যোগাযোগ ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন।


এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বছরের জুনে ব্রাসেলস সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেখানে ইইউ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে আগামী ডিসেম্বরে ঢাকায় প্রথম সরাসরি বৈঠকের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ। রাষ্ট্রদূত জানিয়েছেন, এই চুক্তির সম্ভাব্যতা ও পরিধি যাচাই করা হচ্ছে। তবে ভবিষ্যৎ চুক্তিতে দুই পক্ষের স্বার্থ, পারস্পরিক সুবিধা এবং শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকবে।


বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ। রাষ্ট্রদূতের সতর্কতা, উত্তরণের পর ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা কমে গেলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাত প্রতিযোগিতার চাপে পড়তে পারে। তাই এখন থেকেই সংস্কার ও প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ-ইইউ ব্যবসা ও বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে। তৈরি পোশাক, চামড়া, কৃষি, যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হবে।


রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইইউ। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে সংস্থাটি। এর মধ্যে ২০২৬ সালে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো। পাশাপাশি কক্সবাজারে ৫ কোটি ইউরোর উন্নয়ন সহযোগিতাও চলমান রয়েছে। সব মিলিয়ে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নির্দিষ্ট অবস্থান না জানালেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আর সেই সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সংস্কার এবং পারস্পরিক সহযোগিতার ওপর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯