গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে ধারদেনা করে নতুন করে রসুন-পেঁয়াজের আবাদ করেছিলেন শরীয়তপুরের কৃষকেরা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই স্বপ্ন এখন পানির নিচে। জমিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে সদ্য রোপণ করা বীজ ও চারা। ফলে আগের লোকসানের পর এবারও বড় ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকেরা। নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক রসুন-পেঁয়াজের জমি এখন জলমগ্ন। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, আবার কোথাও সদ্য গজানো চারা মাটিতে লুটিয়ে পড়েছে। পানি সরাতে কেউ সেচপাম্প বসিয়েছেন, কেউ নিজের মতো করে নিষ্কাশনের চেষ্টা করছেন। কিন্তু অনেক জমির ফসল আর রক্ষা করা যাচ্ছে না।
নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর আশা। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা, যার পুরোটাই ধার করা। কিন্তু টানা বৃষ্টিতে ১২০ শতাংশ জমির রসুন তলিয়ে গেছে। এখন টিকে আছে মাত্র ৪০ শতাংশের ফসল। তার আশঙ্কা, এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হবে।
একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁ এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুন লাগিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে পুরো ক্ষেত পানির নিচে। সেচপাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করছেন তিনি। তার দাবি, গত মৌসুমে রসুনের আবাদ করে উৎপাদন খরচও ওঠেনি। তাই এবার নতুন করে আশা নিয়ে চাষ করেছিলেন। এখন তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়ার দাবি জানিয়েছেন।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে আরও চারা নষ্ট হবে। নতুন করে আবাদ করতে হলে আবার জমি প্রস্তুত, বীজ ও সার কেনার বাড়তি খরচ করতে হবে। আগের মৌসুমের লোকসানের সঙ্গে নতুন ক্ষতি যোগ হওয়ায় অনেক কৃষকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
চলতি মৌসুমে শরীয়তপুরে ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ এবং ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে টানা বৃষ্টিতে রসুন-পেঁয়াজের পাশাপাশি সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যোগাযোগ করলে তাদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে। তবে কৃষকদের এখন একটাই দাবি—দ্রুত পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে এই নতুন লোকসান থেকে তাদের রক্ষা করা।