রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাকে ডিম, পানি ও

আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৮ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৮ সময়

রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাকে ডিম, পানি ও কফি খাওয়ানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। আটক ব্যক্তির নাম জাভেদ দিদার। তাকে আটক করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে জাভেদ দিদারকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের পুরো ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশ করেন রবিউল ইসলাম নয়ন।


প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, রাতে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। এরপর তার পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। কথোপকথনের একপর্যায়ে জাভেদ জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এরপর নয়ন তাকে ডিম খেতে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও পরে নয়ন নিজেও ডিম খাওয়ার কথা বলে তাকে খেতে উৎসাহিত করেন। শেষ পর্যন্ত তাকে দুটি সেদ্ধ ডিম খাওয়ানো হয়। পরে দেওয়া হয় পানিও।


আটকের পর তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় নয়ন অভিযোগ করেন, জাভেদ দিদার শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ কারণেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনার সময় যুবদলের নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। পরে আটক জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাকে চেয়ারে বসিয়ে কফি খাওয়ানো হয়। একপর্যায়ে নয়ন নিজ হাতে কফি তুলে দেন তার মুখে।


ভিডিওতে জাভেদ দিদারকে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর তাদের সঙ্গে কেমন আচরণ করা হতো, সে বিষয়ে কথা বলতে দেখা যায়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন। পরে নয়ন তাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে জাভেদ দিদারের মুঠোফোন পুলিশের কাছে বুঝিয়ে দেন নয়ন। এরপর কফিশপ থেকে বের করে তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়।


পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফলে এখন পুলিশের যাচাই ও তদন্তের পর জাভেদ দিদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯