শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময়

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তার ফেরার দাবি সরকার প্রত্যাখ্যান করলেও, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো ধরনের নাশকতা, ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য রাজধানী থেকে সীমান্ত পর্যন্ত নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান এবং এ জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান চেয়েছেন তার মুখপাত্র। তবে সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনা সাধারণ যাত্রীর মতো দেশে ফিরতে পারবেন না। তাকে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে হবে।


এদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। যশোরের বেনাপোল চেকপোস্ট ও আশপাশের এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বৈধ পাসপোর্টধারী যাত্রীদেরও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি, ড্রোন, আকাশ প্রতিরোধ ব্যবস্থা ও সার্চলাইট। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিংয়ের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও চৌকিদার-দফাদারদের যুক্ত করে রাতের পাহারাও জোরদার করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে আলাদাভাবে মোতায়েন রয়েছে দুই ব্যাটালিয়ন। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও শরীরে পরিধানযোগ্য ক্যামেরার সরাসরি দৃশ্যও পর্যবেক্ষণ করা হচ্ছে।


গোয়েন্দা নজরদারি ও নাশকতাবিরোধী অভিযানও চলছে। স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ বাহিনী কাজ করছে এবং পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল দেওয়া হচ্ছে। গুজব ও সহিংসতা ঠেকাতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সীমান্তেও সতর্কতা বাড়ানো হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামজুড়ে প্রায় এক হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেনীর বিলোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বসানো হয়েছে তিন স্তরের টহল। পাশাপাশি নয় জেলায় মোতায়েন করা হয়েছে ৫৩ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন।


তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ালেও জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যৌথ বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে। অর্থাৎ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এখন সবচেয়ে বড় গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। ডিসেম্বরজুড়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের ভেতরে যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯