পল্লবী ও মিরপুরজুড়ে ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্র ‘ফোর স্টার গ্রুপ’। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার, ছিনতাই, ডাকাতি এবং অস্ত্রের ব্যবহারসহ নানা অপরাধে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। চারটি পৃথক শাখায় বিভক্ত এই চক্রের সহযোগীর সংখ্যা ৬৩ জন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে।
চক্রটির চার শীর্ষ ব্যক্তি হিসেবে উঠে এসেছে মফিজুর রহমান মামুন, কিলার ইব্রাহিম, শাহাদাত হোসেন ও মোক্তার হোসেনের নাম। অভিযোগ রয়েছে, তাদের কেউ বিদেশে অবস্থান করেও দেশে থাকা সহযোগীদের মাধ্যমে নিজেদের অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। চক্রটির প্রতিটি গ্রুপের রয়েছে আলাদা প্রভাববলয়। মামুন গ্রুপের তৎপরতা পল্লবী, মিরপুর-১২, সাগুপ্তা ও বাউনিয়া এলাকায়। ইব্রাহিমের গ্রুপ সক্রিয় মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও কালশীতে। শাহাদাতের প্রভাব রয়েছে মিরপুর-১, ২, ৬ ও ৭ নম্বর এলাকায়। আর মোক্তারের সহযোগীরা মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় সক্রিয় বলে অভিযোগ।
তবে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে জমি দখল ও চাঁদাবাজি নিয়ে। পল্লবীর বাইগারটেক এলাকায় প্রায় ২৮ কাঠা জমির সীমানাপ্রাচীর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দখলের অভিযোগ করেছেন এক আবাসন ব্যবসায়ী। সাগুপ্তা আবাসিক এলাকায় ১৮ পরিবারের কেনা জমি ও বাড়িঘর ভেঙে দখলের অভিযোগও রয়েছে। প্রকাশিত তথ্যে, মামুন গ্রুপের নাম অন্তত সাতটি জমি দখলের ঘটনায় এসেছে। মিরপুরের শতাধিক পোশাক কারখানা তাদের প্রভাবাধীন এলাকায় রয়েছে বলে অভিযোগ। এসব কারখানা থেকে মাসে ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। পাশাপাশি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
চাঁদা না দেওয়ায় পল্লবীর আলবদিরটেক এলাকায় একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও গুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সেখানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। মাদক ব্যবসা ও অস্ত্রের ব্যবহার নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। পদ্মবীর বিহারি ক্যাম্পকেন্দ্রিক মাদক বিক্রির বিভিন্ন স্পট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে চক্রটির সহযোগীদের বিরুদ্ধে। পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার, অস্ত্র নিয়ে মহড়া এবং অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে।
পল্লবী থানা যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডেও মামুন গ্রুপের কয়েকজন সহযোগীর নাম এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে মামুন গ্রুপের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে হত্যা করা হয়। এর মধ্যেই সর্বশেষ অভিযানে বড় সাফল্যের দাবি করেছে এসআরবি-৪। ২৩ নভেম্বর পল্লবী ও রূপনগরে পৃথক অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৪ জানিয়েছে, গত দেড় মাসে এই চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং প্রায় ২০ থেকে ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অর্থাৎ, পল্লবী-মিরপুরে ফোর স্টার গ্রুপের বিস্তৃত অপরাধচক্রের বিরুদ্ধে এখন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। তবে এই চক্রের মূল হোতারা কোথায় এবং তাদের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কীভাবে চলছে—সেটিই এখন বড় প্রশ্ন।