বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো যৌথ সামরিক মহড়া। নোয়াখালীর স্বর্ণদ্বীপে

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৮ সময়

বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো যৌথ সামরিক মহড়া। নোয়াখালীর স্বর্ণদ্বীপে এই মহড়া পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন আয়োজন বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির স্পষ্ট বার্তা দেবে।


আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এমন একটি ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত বলেও জানান।


প্রধানমন্ত্রী বলেন, এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে—বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও বলেন, এই যৌথ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন।


তিন বাহিনীর বিশেষ সদস্যদের সমন্বয়ে এমন যৌথ অনুশীলনের ফলে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও শক্তিশালী হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাহিনীগুলোর পেশাদারিত্ব ও সক্ষমতাও আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আরও কার্যকর করতে এ ধরনের যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মহড়া পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সব মিলিয়ে, তিন বাহিনীর বিশেষ বাহিনীকে এক ছাতার নিচে এনে এই প্রথম যৌথ সামরিক মহড়া বাংলাদেশের সামরিক সক্ষমতা, সমন্বয় ও আধুনিক প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সামনে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯