দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ আরও সহজ করার আহ্বান

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪০ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪০ সময়
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ আরও সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাশিয়ার বিনিয়োগকারীদের দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি ও নথিপত্রগুলো শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও শিক্ষার্থী-শিক্ষক বিনিময়ের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। এ সময় ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মস্কো বিশেষ গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯