শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বর মাসজুড়ে নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এসব

ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৪ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৪ সময়
শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বর মাসজুড়ে নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রাফিতি ও পোস্টারিং, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, কফিন মিছিল, ‘ওসমান হাদী ফেস্ট’ এবং বিজয় র্যালি। এ ছাড়া ১৮ ডিসেম্বর রাজধানীতে সর্বদলীয় শহীদি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, টানা এক মাস ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে তারা দেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন। এ সময় হাদি হত্যার বিচার দাবিতে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ ও আগ্রহ লক্ষ্য করেছেন, তা তাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তার দল সরকার গঠন করলে হাদি হত্যার বিচার করা হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েই সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। ফলে সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে সংগঠনটি। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। বরং এর মাধ্যমে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার দায়িত্বের বিষয়টি সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ওসমান হাদির অবদান নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করার চেষ্টা করছেন। একই সঙ্গে তার হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব রাজনৈতিক দল, মত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে।

ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি
ফাতিমা তাসনিম জুমা জানান, আগামী ২৮ নভেম্বর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর দেশজুড়ে গ্রাফিতি আঁকা ও পোস্টার লাগানো হবে। ৪ ডিসেম্বর তাহাজ্জুদের রাত পালন এবং বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে বিশেষ আয়োজন এবং ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করবে সংগঠনটি। ১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে কফিন মিছিল বের করা হবে। একই দিন দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং বাদ মাগরিব বায়তুল মোকাররমে মিলাদ মাহফিলের আয়োজন রয়েছে। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ওসমান হাদী ফেস্ট’। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ নেওয়ার কর্মসূচি রয়েছে। ১৭ ডিসেম্বর প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা, গান ও দোয়ার মধ্য দিয়ে স্মরণের রাত পালন করা হবে। কর্মসূচির শেষ দিন ১৮ ডিসেম্বর দেশজুড়ে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। একই দিন ঢাকায় অনুষ্ঠিত হবে সর্বদলীয় শহীদি সমাবেশ। মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকারও বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯