ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ব্যর্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগ উদ্যোগ বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের পরিকল্পনা

ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৩২ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৩২ সময়
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ব্যর্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগ উদ্যোগ বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের পরিকল্পনা সামনে এনেছিল। এই পরিকল্পনাকে কেন্দ্র করেই তাঁর নেতৃত্বে বড় ধরনের সংকট তৈরি হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনা করা ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে আদান-প্রদান হওয়া নথিতে দেখা গেছে, প্রস্তাবিত ২০ বিলিয়ন ডলারের যৌথ প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) থেকে নির্বাহীদের ব্যবস্থাপনা-সংক্রান্ত বোনাস বাবদ কয়েক কোটি ডলার দেওয়ার সুযোগ ছিল। ফাঁস হওয়া নথি অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপ ফাইনালের সপ্তাহান্তে, ১৯ জুলাই নিউইয়র্কে এফএফই-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছিল ফিফা। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ফাইনাল জয়ের নয় দিন পর গোপন এই উদ্যোগের তথ্য প্রকাশ্যে আসে। ফিফার শীর্ষ কর্মকর্তাসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হলে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিল করেন ইনফান্তিনো। প্রকাশিত নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। এতে উল্লেখ করা হয়, চুক্তির কাঠামো তৈরির বিষয়ে সংস্থাটির অর্থ বিভাগের কর্মকর্তারা সরাসরি অবগত ছিলেন না। ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, প্রস্তাব অনুযায়ী ফিফা একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। এরপর সংস্থাটির বিভিন্ন আয়োজনের সব বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।

২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন ইনফান্তিনো। আগামী ১৮ মার্চ মরক্কোয় অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা। তবে আরেক মেয়াদে ইনফান্তিনোর জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। এফএফইর বেসরকারি ইকুইটি বিনিয়োগের পরিকল্পনা ইনফান্তিনোর নেতৃত্বের ধরন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও ইউরোপ ও জাপানে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ বিতর্কের মধ্যে রয়েছে ফিফার শান্তি পুরস্কার চালু করা এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর আরোপিত বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত। ফাঁস হওয়া নথিতে আরও জানা গেছে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে চূড়ান্ত করার আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা। একটি নথিতে অ্যাফিনিটি পার্টনার্সের নাম উল্লেখ করে উন্মুক্ত দরপত্র না ডাকার কারণ ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়, প্রস্তাবিত বিনিয়োগের বিশেষ ও স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় ও একতরফা আলোচনা চলার কারণে দরপত্র আহ্বান করা হয়নি। গত ১৭ জুলাই ‘প্রজেক্ট বক্স’ নামে পরিচিত পরিকল্পনাটি নিয়ে ফিফার সঙ্গে ‘ব্যাকস্টপ লেটার অ্যান্ড ট্রানজ্যাকশন টার্মস’ শিরোনামে একটি নথি তৈরি করেছিল থ্রাইভ ক্যাপিটাল। ওই নথিতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রণোদনা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়েছিল, এফএফইর পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের নির্বাহীদের বোনাস নির্ধারণ করবে। আর ওই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তৎকালীন ফিফা সভাপতি ইনফান্তিনোর।

প্রকল্পটি নিয়ে ফিফা এক বিবৃতিতে জানায়, এ ধরনের কাঠামোর প্রস্তাবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সংস্থাটি বারবার দাবি করেছে, এটি ছিল কেবল একটি প্রস্তাব। বাস্তবায়নের আগে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হতো। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা ফিফার প্রকৃত মালিক হিসেবে বিবেচিত এসব সদস্য ফেডারেশন। ফিফা আরও বলেছে, সংস্থাটির নেতৃত্বে থাকা ব্যক্তিরা কেবল পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। এর ফলে তাঁদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগ তৈরি হতো না। ফাঁস হওয়া নথিগুলো প্রথম প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট। গত সোমবার পত্রিকাটি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাবিত বাণিজ্যিক স্বত্ব হস্তান্তরের পরিকল্পনা নিয়ে ফিফার নথিপত্র সংগ্রহের চেষ্টা করে আসছে। সম্প্রতি ম্যানহাটনের একটি আদালতে এ বিষয়ে জয় পেয়েছে সংস্থাটি। নথি প্রকাশ ঠেকাতে ফিফার করা আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ থেকে সরানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত আগস্টে আদালতে এসব নথি জমা দিয়েছিল উয়েফা। এর মধ্যে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ দায়েরের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯