ভারতের রাজনীতিতে আবারও তীব্র বাকযুদ্ধ। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বার্তা—রাজপথে অস্থিতিশীলতা বা নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের স্বপ্ন দেখলে তা ভুলে যেতে হবে। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন রাজনাথ সিং।
তিনি বলেন, ভারতের গণতন্ত্র এতটা দুর্বল নয় যে রাস্তায় গোলযোগ কিংবা রক্তপাত ঘটিয়ে তা ভেঙে দেওয়া যাবে। দেশে ক্ষমতার পরিবর্তন হলে সেটি কেবল জনগণের ভোটের মাধ্যমেই সম্ভব। রাজনাথ সিংয়ের অভিযোগ, রাজনৈতিকভাবে কংগ্রেস ও তাদের মিত্রদের সব কৌশল ব্যর্থ হওয়ার পর এখন তারা দেশে নৈরাজ্য ছড়িয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণও তুলে ধরেন।
রাহুল গান্ধীকে সরাসরি উদ্দেশ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে সাংবিধানিক কাঠামোর অধীনে কংগ্রেস প্রায় ছয় দশক দেশ শাসন করেছে, আজ ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষায় সেই গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের সংবিধান জনগণকে সরকার নির্বাচন ও পরিবর্তনের অধিকার দিয়েছে। তাই কোনো ধরনের রাস্তার আন্দোলন, সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটানোর সুযোগ নেই।
রাজনাথ সিংয়ের বক্তব্যে মূলত কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক কৌশল নিয়েই আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার পরিবর্তনের একমাত্র বৈধ পথ নির্বাচন ও জনগণের ভোট। ফলে কর্ণাটকের এই জনসভা থেকে রাহুল গান্ধীর উদ্দেশে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ভারতের চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন এই বক্তব্যের জবাবে কংগ্রেস কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।