বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণের বিরোধ, দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে অভিযোগ—এই দুই ঘটনাকে কেন্দ্র করে

দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৮ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৮ সময়

বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণের বিরোধ, দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে অভিযোগ—এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিক্ষা কর্মকর্তার মধ্যস্থতায় তালা খোলা হয়। ঘটনাটি ঘটেছে বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই রয়েছে বিষ্টমণ্ডলের হাট। পেঁয়াজের মৌসুমে হাটে যানবাহন চলাচলের সুবিধার জন্য বিদ্যালয়ের পকেট গেট ভেঙে মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন হাটসংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুনের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাট কমিটির সভাপতি এনামুল হকের বিরোধ তৈরি হয়। প্রশাসনের লিখিত অনুমতি না থাকায় রাস্তা নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা রেজল্যুশন করেননি প্রধান শিক্ষিকা। এ নিয়ে মঙ্গলবার এনামুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটিও হয়। প্রধান শিক্ষিকার অভিযোগ, বিদ্যালয়ের দেয়ালে আগে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি সাদা চুন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। রাস্তা নির্মাণের বিরোধের জেরে তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ছবিটি আবার দৃশ্যমান করা হয়েছে এবং তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।


তবে পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য, দেয়ালে নতুন করে ছবিটি আঁকা হয়েছে। প্রধান শিক্ষিকা তাঁর কথা না শোনায় তাঁর লোকজন কক্ষে তালা দিয়েছেন। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী জানান, দেয়ালের ছবিটি পুরোনো। আর বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ কিংবা হাটসংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, রাস্তা নির্মাণ ও দেয়ালের ছবি—দুই বিষয়েই অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণের বিরোধ এবং দেয়ালের ছবি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ—দুই বিষয়েই এখন তদন্তের অপেক্ষা। তবে এর মধ্যে প্রধান শিক্ষিকার কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯