নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো একজোট হওয়ার চেষ্টা করলেও সেই জোট গঠনের আগেই দেখা দিয়েছে বড় ধরনের

ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৯ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৯ সময়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো একজোট হওয়ার চেষ্টা করলেও সেই জোট গঠনের আগেই দেখা দিয়েছে বড় ধরনের ভাঙন। আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন করা হবে কি না—এসব প্রশ্নেই এখন মুখোমুখি অবস্থানে ইসরাইলের বিরোধী নেতারা।


গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরাইলে নতুন সরকার গঠনের আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো জোট গঠনের উদ্যোগ নেয়। কিন্তু সেই উদ্যোগে নতুন করে জটিলতা তৈরি করেছে বামপন্থি ডেমোক্রেটস পার্টি। দলটির প্রধান ইয়ার গোলান অভিযোগ করেছেন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার দল নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা চালাচ্ছে। অথচ তাদের লক্ষ্য হওয়ার কথা ছিল নেতানিয়াহুকে সরিয়ে বিকল্প সরকার গঠন। এই অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় আইজেনকটের দলের সঙ্গে জোট আলোচনা স্থগিত করে ডেমোক্রেটস পার্টি।


তবে বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় মতবিরোধ তৈরি হয়েছে আরব দলগুলোর সমর্থন নিয়ে। ইয়ার গোলানের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে সমঝোতা জরুরি। কিন্তু ডানপন্থি ইসরাইল বেইতেইনু দলের নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাতে আইজেনকটের দলের সঙ্গে জোট চুক্তির বিষয়ে একমত হয়েছেন লিবারম্যান। বুধবার তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ আইজেনকট একটি সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন। তবে এই বক্তব্যের মাধ্যমে তিনি আরব দল রা’আমের সমর্থন মেনে নেবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।


লিবারম্যান একই সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনারও সমালোচনা করেছেন। তিনি চান, আইজেনকটের জোট যেন লিকুদের সঙ্গে সরকার না গড়ে এবং আরব দলগুলোর বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকারও না করে। বরং অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুদাইজম দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে সরকার গঠন করুক। সব মিলিয়ে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য থাকলেও আরব দলগুলোর ভূমিকা, লিকুদের সঙ্গে সমঝোতা এবং সরকারে কারা থাকবে—এসব প্রশ্নে বিরোধীদের ঐক্য এখন বড় পরীক্ষার মুখে। ফলে ইসরাইলের নতুন সরকার গঠন কোন পথে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯