যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে একসঙ্গে ৫০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে চীনের সিয়ামেন এয়ারলাইন্স। চুক্তির তালিকামূল্য প্রায় ৭৪০ কোটি ডলার। তবে উল্লেখযোগ্য মূল্যছাড় পাওয়ায় প্রকৃত ক্রয়মূল্য এর চেয়ে কম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী সংস্থা সিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৭৩৭-৮ মডেলের ৫০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি চীনা প্রতিষ্ঠানটি। তবে উড়োজাহাজগুলোর তালিকামূল্য অনুযায়ী মোট দাম প্রায় ৭৪০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির দাবি, চূড়ান্ত ক্রয়চুক্তিতে বোয়িং উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দিয়েছে। ফলে প্রকৃত দাম তালিকামূল্যের তুলনায় কম হবে। তবে চুক্তিটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। এর আগে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে সিয়ামেন এয়ারলাইন্স।
এদিকে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনার আরও একটি বড় পরিকল্পনা সামনে এসেছে। সাংহাই স্টক এক্সচেঞ্জে দেওয়া পৃথক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের সভায় এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। অর্থাৎ, একদিকে বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সিয়ামেন এয়ারলাইন্স, অন্যদিকে এয়ারবাসের কাছ থেকেও বিপুলসংখ্যক উড়োজাহাজ কেনার প্রস্তাব বিবেচনা করছে তাদের মূল প্রতিষ্ঠান চায়না সাউদার্ন এয়ারলাইন্স। ফলে চীনের বিমান পরিবহন খাতে বড় পরিসরে উড়োজাহাজ কেনার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে।