পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নতুন নির্দেশ ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা

উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়

পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নতুন নির্দেশ ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন।


বৃহস্পতিবার ২৬ নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশিত হয়। কিম জং উন বলেছেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজন বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের দিকে গুরুত্ব দিতে হবে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব অস্ত্রের সামরিক গুরুত্ব বিবেচনা করেই এমন উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।


সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম। সেখানে তিনি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক উৎপাদন অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম বা অবস্থান প্রকাশ করেনি উত্তর কোরিয়া। কিমের দাবি, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান পরিবর্তনযোগ্য নয়। যারা দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দিতে চায় না এবং নিরস্ত্রীকরণের আহ্বান জানায়, তাদের অবস্থানের কারণে উত্তর কোরিয়ার নীতিতে কোনো পরিবর্তন আসবে না।


২০২৩ সালে নিজেদের সংবিধানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া। কিম বলেছেন, এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখা হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এসেছে। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের সীমান্তবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল সিউল। তবে পিয়ংইয়ং অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সাজানো বলে দাবি করেছে।


এর কয়েক দিন পর জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে প্রায় ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর কিমের জোর দেওয়ায় কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯