গণভোটের রায় মেনে নিয়ে তা বাস্তবায়ন করা হলে ফ্যাসিবাদবিরোধী শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে দৃঢ় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত

গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠবে: গোলাম পরওয়ার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩৩ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩৩ সময়
গণভোটের রায় মেনে নিয়ে তা বাস্তবায়ন করা হলে ফ্যাসিবাদবিরোধী শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে দৃঢ় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশগ্রহণ করেন। গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাঁরাও এই উদ্যোগের সঙ্গে একমত। তবে তাঁর অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্য গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ৭০ শতাংশ ভোটে সমর্থিত গণভোটের সিদ্ধান্ত সংসদীয় আসনের ৫০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে প্রত্যাখ্যান করা যায় না। সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে। তা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় এগিয়ে আসবে।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, শিল্প টিকিয়ে রাখতে হলে আগে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। শিল্পমালিক ও নীতিনির্ধারকেরা শিল্পের গুরুত্ব তুলে ধরলেও শ্রমিকেরাই শ্রম ও ঘামের বিনিময়ে শিল্প সচল রাখেন। তাই শ্রমিকদের ন্যূনতম অধিকার, অসুস্থতার সময় চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে সেই শ্রমনীতির পরিবর্তে ইসলামি শ্রমনীতি কার্যকর করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বন্দর ও জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়ে গোলাম পরওয়ার বলেন, দেশের সম্পদ পরিচালনায় দেশীয় সক্ষমতা গড়ে তুলতে হবে। তাঁর দাবি, চট্টগ্রাম বন্দর নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পর্যায়ের কিছু ব্যক্তিও এতে জড়িত থাকতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেশের স্বার্থবিরোধীভাবে বন্দর তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে জাতীয় সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে তাঁর অভিযোগ, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে। দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনার পর ২০২৭–২০২৮ সেশনের জন্য তিনি পুনরায় মহানগরী সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ও মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী ও মেহনতি মানুষ ভালো থাকলেই দেশের সামগ্রিক উন্নতি সম্ভব। এ জন্য সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে দেশকে রক্ষায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেন এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, এমপি জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের উত্তর ও দক্ষিণ জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর ও নুরুল হোসাইন এবং রাজনীতিবিদ শফিউল আলম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমাদ মাবরুর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯