জাতীয় নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে ঢুকতে দেয়নি কোস্টারিকা। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের কাছাকাছি হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আলবানিজকে আটক করা হয়। পরে তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কোস্টারিকার অভিবাসন বিভাগের মহাপরিচালক ওমর বাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আন্তর্জাতিক সতর্কবার্তার তালিকায় থাকায় আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে ওই সতর্কবার্তা কোন দেশ থেকে জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বাদিয়া আরও বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয়। আলবানিজের ক্ষেত্রেও সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ফ্রানচেসকা আলবানিজকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। জাতিসংঘের অন্য স্বাধীন বিশেষজ্ঞদের মতো তিনিও সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন না। একাডেমিক ও মানবাধিকারবিষয়ক অবদানের স্বীকৃতিস্বরূপ কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে দেশটিতে যাওয়ার কথা ছিল তাঁর। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরার কারণে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্রদের সমালোচনার মুখে রয়েছেন আলবানিজ। সমালোচকদের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে।