রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের তুলনা হিটলারের সঙ্গে করলেন জেলেনস্কি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২২ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২২ সময়
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প ও পুতিনের বন্ধুত্বের প্রসঙ্গ টেনে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের তুলনা করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জেলেনস্কি। কিয়েভের কেন্দ্রস্থলে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। এ ছাড়া পুতিনকে আলিঙ্গন করছেন—এমন একটি ছবি ট্রাম্প প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেন তিনি। বিষয়টিকে ‘অদ্ভুত’ বলেও উল্লেখ করেন জেলেনস্কি। ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে... এটা অদ্ভুত।’ পুতিনের প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না, কোনোভাবেই না। বিষয়টি এমন, যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল—আপনি (ট্রাম্প) এমনটাই বলছেন।’

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সতর্ক অবস্থান অনুসরণ করছেন জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং প্রাণহানি কমানোর লক্ষ্যে ট্রাম্পের দুই প্রতিনিধি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে বিভিন্ন সময়ে তাঁদের অবস্থান কিয়েভের তুলনায় মস্কোর দাবির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। চলতি মাসের শুরুতে আবুধাবিতে মধ্যস্থতাকারীদের উদ্যোগে অনুষ্ঠিত সর্বশেষ শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যা তত বাড়ছে।’ তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি রাশিয়াকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি সম্পাদনেরও জোরালো সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্যে ইঙ্গিত মিলছে, প্রায় সব ইস্যুতে মস্কো আবারও আলোচনার প্রাথমিক পর্যায়ের কঠোর অবস্থানে ফিরে গেছে।

জেলেনস্কি আরও বলেন, আলোচনার টেবিলে ইউরোপীয় প্রতিনিধিদের রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কথা বললেও শেষ পর্যন্ত তাঁদের অংশগ্রহণ নিশ্চিত কি না, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে ক্রেমলিনের আপত্তি রয়েছে বলেও মনে হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য, ‘আগ্রাসীর সঙ্গে অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করলে তার অর্থ দাঁড়ায়, আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী—দুই পক্ষকেই সমর্থন করছেন। এটি সঠিক নয়।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, দুই পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি প্রতিষ্ঠার জটিল প্রচেষ্টায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে। বৃহস্পতিবার পুতিনকে বন্ধু বলার বিষয়ে সাংবাদিকেরা আবার প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘আমরা হত্যাকাণ্ড বন্ধ করতে চাই। আমি বলতে পারি, তিনি আমার বন্ধু নন... আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি সেখানে গিয়ে বলতে পারি, আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু তাতে জেলেনস্কি ও পুতিনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে, সেটি তো থেকেই যাবে।’ ট্রাম্পের মতে, শান্তি সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো দুই দেশের নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯