যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটক তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রুপা, যার মূল্য ৭ হাজার টাকা; ৩২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার; ৪৮ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন; ৩ হাজার টাকা মূল্যের দুটি হাতঘড়ি এবং নগদ ৩ হাজার টাকা। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারী ও অবৈধভাবে বহন করা স্বর্ণ উদ্ধারে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। এরই অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।