চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অস্থিরতা ও দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন

চুয়েটের সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৫ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৫ সময়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অস্থিরতা ও দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে কাপ্তাই সড়কে অবস্থান নেন তারা। এ সময় ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানব না, শরীফুলকে মানি না’সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। চুয়েটের সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও দাবি করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাদের কর্মসূচি সরকারবিরোধী নয়। গত ৭০ দিন ধরে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। তারা কোনো ধরনের সহিংসতা চান না; প্রধানমন্ত্রীর সরাসরি উদ্যোগে দ্রুত সংকটের অবসান প্রত্যাশা করছেন। এত দিন তারা সড়ক অবরোধ কিংবা অস্থিতিশীল কোনো কর্মসূচি পালন করেননি বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আবির আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। অধ্যাপক শরীফুল আলমকে তারা উপাচার্য হিসেবে মেনে নিতে রাজি নন। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে সংকটের সমাধান হতে পারে বলে মনে করেন শিক্ষার্থীরা। তবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় আধা ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন তারা। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থার সূত্রপাত হয়। শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। দীর্ঘ অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯