দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পথ পরিষ্কার হয়েছে। টার্মিনালটি পরিচালনা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে ২৯ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
পরদিন রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৭টায় জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বোর্ড সভায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তীতে বিভিন্ন কাজ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের শেষ দিকে নির্মাণকাজ শুরু হওয়ার পর প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়। ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধনও করা হয়। তবে পরিচালনা সংক্রান্ত জটিলতায় এতদিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
বিশাল এই টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রীসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন টার্মিনাল যুক্ত হলে বছরে প্রায় দুই কোটি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। একই সঙ্গে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ রাখার ব্যবস্থা থাকবে। যাত্রীদের জন্য থাকবে ১৬টি সাধারণ মালামাল পরিবহন বেল্ট এবং অতিরিক্ত ওজনের মালামালের জন্য আরও চারটি পৃথক বেল্ট। টার্মিনালে থাকছে স্বয়ংক্রিয় যাত্রীসেবা নেওয়ার ব্যবস্থা, শতাধিক নিবন্ধন কাউন্টার, শিশুদের জন্য আলাদা পরিচর্যা কক্ষ, চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, রোগ পরীক্ষার কেন্দ্র এবং বিচ্ছিন্ন রাখার সুবিধা। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকবে খেলাধুলার জায়গা।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে দীর্ঘ পথ চলাচলে সহায়ক বিশেষ চলন্ত সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া মালামাল সংরক্ষণের জন্য থাকবে পৃথক সংরক্ষণকেন্দ্র। স্বয়ংক্রিয় যাত্রী নিবন্ধন যন্ত্রের মাধ্যমে পাসপোর্ট ও টিকিটের তথ্য ব্যবহার করে বোর্ডিং পাস ও আসন নম্বর নেওয়ার সুযোগও থাকবে। নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে পরিচালনা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এবার সেই জট কাটতে যাচ্ছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর অপেক্ষায় এখন যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।