বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের অপেক্ষা। আজ বোর্ড সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও কর্মকর্তারা। তামিম ইকবালের নেতৃত্বাধীন এটি পঞ্চম বোর্ড সভা। সভায় জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা থেকে শুরু করে কোচের ভবিষ্যৎ, আঞ্চলিক ক্রিকেট একাডেমি ও বিশ্বকাপ আয়োজন—বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে জাতীয় দলের সাম্প্রতিক অফফর্ম। পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের বিষয়েও আলোচনা হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে বোর্ড। বিসিবির একটি অংশ মনে করছে, জাতীয় দলের দায়িত্ব এমন একজন কোচের হাতে দেওয়া প্রয়োজন, যিনি খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থান নেবেন। কারণ, সিমন্সের সঙ্গে খেলোয়াড়দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তাকে অনেক সময় খেলোয়াড়রা যথেষ্ট গুরুত্ব দেন না—এমন আলোচনা রয়েছে।
এদিকে ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালুর বিষয়েও সভায় অনুমোদন দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিকের বাছাইপর্ব নিয়েও আলোচনা হবে। এ ছাড়া বোর্ডের কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তন, জাতীয় দলের আগামী দিনের পরিকল্পনা এবং সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আলোচনা হতে পারে।
সভায় নারী ক্রিকেটের আসন্ন সিরিজ এবং দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। সব মিলিয়ে আজকের বোর্ড সভায় জাতীয় দলের কোচ থেকে শুরু করে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা—একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।