রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বনানী থানার আওতাধীন কলেজের ছাত্রী হোস্টেলের গেটে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাতের দিকে দুর্বৃত্তরা সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।