যুক্তরাষ্ট্রের লাখ লাখ শিশুর জন্য বড় চমক ঘোষণা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। দেশটির ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি শেয়ার দেবে প্রতিষ্ঠানটি, আর অন্যটি মাস্ক দেবেন ব্যক্তিগতভাবে।
জানা গেছে, স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হতে পারে। আর মাস্কের ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে তার নির্ধারিত লক-আপ সময় শেষ হওয়ার পর দেওয়ার কথা রয়েছে। এই শেয়ার দেওয়ার জন্য ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ ব্যবহার করা হবে। তবে শেয়ার পেতে হলে অভিভাবকদের ওই অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে।
প্রতি শেয়ারের আনুমানিক মূল্য ১২৭ ডলার ধরে পুরো উদ্যোগটির সম্ভাব্য মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ থেকে ৭ কোটি ৩০ লাখ। সে হিসাবে বিপুল সংখ্যক শিশু এই সুবিধার আওতায় আসতে পারে। এদিকে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েলও যুক্তরাষ্ট্রের লাখ লাখ শিশুকে ব্যক্তিগতভাবে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুধু স্পেসএক্স নয়, জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও। প্রতিষ্ঠানটি নিজেদের ৫ শতাংশ শেয়ার একটি নতুন জনকল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে ওই শেয়ারের মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার বলে জানা গেছে। সব মিলিয়ে প্রযুক্তি ও ব্যবসা খাতের বড় প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি