শ্রেণিকক্ষে ঠিকমতো পড়ানো হচ্ছে না, অথচ একই শিক্ষকের কাছে আলাদা করে কোচিং না করলে ভালো ফল করা কঠিন—এমন অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগের মধ্যেই সামনে এসেছে আরও বড় তথ্য। দেশে নিবন্ধিত কোচিং সেন্টার মাত্র ৬ হাজার ৫৮৭টি হলেও শিক্ষাসংশ্লিষ্টদের ধারণা, নিবন্ধনহীন প্রতিষ্ঠানসহ মোট কোচিং সেন্টারের সংখ্যা প্রায় ২ লাখ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিপুলসংখ্যক শিক্ষক, যাদের মধ্যে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরাও।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, নিবন্ধিত কোচিং সেন্টারের মধ্যে ৬ হাজার ৩১২টি একাডেমিক এবং ২৭৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতিমূলক। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছেন ৯ লাখ ১৭ হাজার। মোট জনবল ৬৬ হাজার ৭৫৪ জন, যার মধ্যে শিক্ষক ৬১ হাজার ৮১২ জন। এ পরিস্থিতিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। এ ধরনের শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালেই কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা জারি করেছিল সরকার। এতে শিক্ষকদের বাণিজ্যিক কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়া এবং শিক্ষার্থীদের সেখানে পড়তে উৎসাহিত বা বাধ্য করা নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে এমপিও স্থগিত বা বাতিল, বেতন বৃদ্ধি বন্ধ, সাময়িক বরখাস্তসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে। তবে বাস্তবে এসব বিধানের প্রয়োগ খুবই সীমিত।
নীতিমালায় অবশ্য অভিভাবকদের আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে মহানগরে শিক্ষার্থীপ্রতি মাসে ৩০০ টাকা, জেলা পর্যায়ে ২০০ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকায় ১৫০ টাকা নেওয়া যাবে। একটি বিষয়ে মাসে কমপক্ষে ১২টি ক্লাস নিতে হবে এবং প্রতি ক্লাসে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী থাকতে পারবেন। অভিভাবকদের অভিযোগ, গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো বিষয়ে স্কুলে কোচিং না করলে শিক্ষার্থীদের কম নম্বর দেওয়া বা ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।
এর সরাসরি প্রভাব পড়ছে পরিবারের ব্যয়ে। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আজিজুল হকের মাসিক বেতন ৩৫ হাজার টাকা। তার দুই সন্তানের স্কুলের বেতন প্রায় ৪ হাজার টাকা। পাশাপাশি চারটি বিষয়ে প্রাইভেট পড়াতে মাসে খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। যাতায়াত, টিফিন ও শিক্ষা উপকরণ মিলিয়ে দুই সন্তানের পড়াশোনায় মাসে প্রায় ১৮ হাজার টাকা ব্যয় হচ্ছে তার। আরেকটি বড় সমস্যা হলো, কোচিং সেন্টারগুলোর নিবন্ধন ও তদারকি। এসব প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নিতে পারে। ফলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের নিয়মিত নজরদারি নেই বললেই চলে। বিবিএসের তথ্য অনুযায়ী, নিবন্ধিত কোচিং সেন্টারের মধ্যে ৪ হাজার ৩১০টি ব্যক্তিমালিকানাধীন, ২ হাজার ২৬টি যৌথ মালিকানাধীন।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, কোচিং সেন্টারকে সহায়তামূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হলে নিবন্ধন, মান নিয়ন্ত্রণ, নিয়মিত পরিদর্শন ও জবাবদিহি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনা প্রয়োজন। এখন দেখার বিষয়, দীর্ঘদিন ধরে চলা কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ কতটা কার্যকর হয়, আর শ্রেণিকক্ষেই শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ পান কি না।