বিমা খাতের অনিয়মে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশ করে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার রাজস্ব হারাচ্ছে, বিমার প্রিমিয়াম জমা হচ্ছে না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা। শনিবার রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, আমদানির সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানি থেকে কাভারনোট নেওয়া হচ্ছে। কিন্তু পণ্য দেশে পৌঁছানোর পর প্রিমিয়াম পরিশোধ না করেই সেই কাভারনোট বাতিল করে ফেলা হচ্ছে। এতে বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশ করে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার রাজস্ব পাচ্ছে না এবং বিমা কোম্পানিতেও প্রিমিয়াম জমা হচ্ছে না। আমির খসরু বলেন, এই অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার পর থেকেই প্রভাবশালী মহল থেকে বাধা আসছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম দুরবস্থায় রয়েছে। অনেক বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে সম্পত্তি কেনা ও ব্যক্তিগত বিনিয়োগ করছে।
এসব অনিয়ম বন্ধে সরকারি সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তার মতে, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং পুঁজিবাজারের মধ্যে রিয়েল-টাইম তথ্য বিনিময় ব্যবস্থা না থাকলে স্বচ্ছতা বাড়ানো, ব্যবসার খরচ কমানো এবং রাজস্ব ফাঁকি ঠেকানো কঠিন। তিনি বলেন, অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতো করে আলাদা প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব ব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগ না থাকায় তথ্য আদান-প্রদানে বড় ঘাটতি তৈরি হয়েছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রতিটি লেনদেনে রিয়েল-টাইম নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। এনবিআরের লেনদেন ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত ও বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবশেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণে প্রয়োজন হলে কঠিন ও কষ্টকর সিদ্ধান্ত নিতেও রাজনৈতিক সরকার প্রস্তুত।