প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণীর স্বপ্ন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ হয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তবে ১ হাজার ৬০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা এত বেশি যে, প্রতি আসনের জন্য লড়তে হচ্ছে গড়ে ৩৬ জনকে। আর ঢাকায় প্রতিযোগিতা আরও কঠিন—মাত্র ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৮ হাজার ৫০০ জন। সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে প্রশিক্ষণার্থী বাছাইয়ে শনিবার দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রতি জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জনকে নির্বাচিত করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আগ্রহ থেকেই তরুণদের মধ্যে এ প্রশিক্ষণের প্রতি এতটা আগ্রহ তৈরি হয়েছে। রাজধানীর কল্যাণপুরে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে রোববার। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় মোবাইল ফোনে বার্তার মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ জনকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। দুই বছর মেয়াদি এই প্রকল্পে পর্যায়ক্রমে মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। দুই মাসের প্রতিটি কোর্সে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে চ্যাটজিপিটি, কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন আধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, অটোমেশন ও ডিজিটাল কাজের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।