ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২৫ থেকে ৭৪ বছর বয়সী মানুষের তুলনায় ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় তিন গুণ। তবে ইউরোপের দেশগুলোতে তরুণদের কর্মসংস্থানের চিত্র এক রকম নয়। কোনো দেশে কাজের সন্ধানে থাকা তরুণদের প্রায় এক-তৃতীয়াংশ বেকার, আবার কোনো দেশে এই হার ৭ শতাংশেরও নিচে। কর্ম-অভিজ্ঞতার ঘাটতি, শিক্ষাব্যবস্থা, নিয়োগপ্রক্রিয়া এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগের ভিন্নতাকে এ বৈষম্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্লেষণে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে তরুণদের বেকারত্বের হার সর্বোচ্চ বসনিয়া ও হার্জেগোভিনায়। দেশটির শ্রমশক্তির অন্তর্ভুক্ত ১৫ থেকে ২৪ বছর বয়সীদের ৩২ দশমিক ২ শতাংশই বেকার। অর্থাৎ কাজ করছেন অথবা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন—এমন তরুণদের প্রায় তিনজনের একজনের কর্মসংস্থান নেই। তালিকায় পরের অবস্থানে রয়েছে রোমানিয়া। সেখানে তরুণদের বেকারত্বের হার ৩০ দশমিক ৭ শতাংশ। উত্তর মেসিডোনিয়ায় এ হার ২৯ শতাংশ। বিপরীতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাল্টা, যেখানে তরুণদের বেকারত্ব মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ দেশটির শ্রমশক্তিতে থাকা প্রতি ১৫ জন তরুণের মধ্যে প্রায় একজন বেকার। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার ছিল ১৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫ দশমিক ২ শতাংশ। ফলে দুই বয়সী গোষ্ঠীর মধ্যে বেকারত্বের ব্যবধান প্রায় তিন গুণ। তবে বেকারত্বের এই হিসাবের আওতায় কেবল শ্রমশক্তিতে থাকা ব্যক্তিরাই অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা চাকরি করছেন কিংবা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন, তাদের ভিত্তিতেই এ হার নির্ধারণ করা হয়েছে।
বলকান অঞ্চলে বেকার তরুণের সংখ্যা বেশি
ইউরোপের তথ্যভুক্ত ৩৫টি দেশের মধ্যে তরুণদের বেকারত্বের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলকান অঞ্চলে। বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পর উচ্চ বেকারত্বের তালিকায় রয়েছে সুইডেন (২৪ দশমিক ৯ শতাংশ), সার্বিয়া (২৪ দশমিক ২ শতাংশ), স্পেন (২৩ দশমিক ৯ শতাংশ), ফিনল্যান্ড (২৩ দশমিক ২ শতাংশ), এস্তোনিয়া (২২ দশমিক ৮ শতাংশ), ফ্রান্স (২১ দশমিক ৬ শতাংশ) ও ক্রোয়েশিয়া (২০ শতাংশ)। এসব দেশে শ্রমশক্তির অন্তর্ভুক্ত প্রতি পাঁচজন তরুণের অন্তত একজনের চাকরি নেই। অনেকেই প্রথম কর্মসংস্থানের সুযোগ পেতে এবং নিয়োগদাতাদের প্রত্যাশিত অভিজ্ঞতা অর্জন করতে সমস্যায় পড়ছেন। অন্যদিকে তরুণদের বেকারত্বের হার সবচেয়ে কম মাল্টা ও জার্মানিতে। দেশ দুটিতে এ হার যথাক্রমে ৬ দশমিক ৮ ও ৭ দশমিক ৩ শতাংশ। নেদারল্যান্ডসে ৮ দশমিক ৬ শতাংশ, সুইজারল্যান্ডে ৯ দশমিক ২ শতাংশ এবং অস্ট্রিয়ায় ৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ এসব দেশেও তরুণদের বেকারত্বের হার ১০ শতাংশের নিচে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের চারটি বড় অর্থনীতির দেশেও এ চিত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। জার্মানিতে তরুণদের বেকারত্ব ৭ দশমিক ৩ শতাংশ হলেও ইতালিতে তা ১৮ দশমিক ২ শতাংশ। ফ্রান্সে এ হার ২১ দশমিক ৬ শতাংশ এবং স্পেনে ২৩ দশমিক ৯ শতাংশ।
তরুণ ও বয়স্কদের বেকারত্বের ব্যবধান যেসব দেশে বেশি
শুধু তরুণদের বেকারত্বের হার বিবেচনা করে কোনো দেশের শ্রমবাজারের সামগ্রিক অবস্থা বোঝা সম্ভব নয়। ইউরোপের গড়ের তুলনায় কোনো দেশে তরুণদের বেকারত্ব কম হলেও একই দেশের বয়স্ক কর্মীদের তুলনায় তাদের বেকার থাকার হার অনেক বেশি হতে পারে। বয়সভেদে বেকারত্বের পার্থক্য নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো শতকরা পয়েন্টের ব্যবধান এবং অন্যটি হলো অনুপাত। দ্বিতীয় পদ্ধতিতে তরুণদের বেকারত্বের হারকে বয়স্কদের বেকারত্বের হার দিয়ে ভাগ করা হয়। এর মাধ্যমে বোঝা যায়, বয়স্কদের তুলনায় তরুণদের বেকারত্ব কত গুণ বেশি। উভয় হিসাবেই সবচেয়ে বড় ব্যবধান রোমানিয়ায়। দেশটিতে দুই বয়সী গোষ্ঠীর বেকারত্বের হারের পার্থক্য ২৫ দশমিক ৫ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে বয়স্কদের তুলনায় তরুণদের বেকারত্বের হার ৫ দশমিক ৯ গুণ। ক্রোয়েশিয়া ও যুক্তরাজ্যেও তরুণদের বেকারত্ব বয়স্কদের তুলনায় পাঁচ গুণ বা তার বেশি। ক্রোয়েশিয়ায় ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার ২০ শতাংশ, যেখানে ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে তা ৩ দশমিক ৮ শতাংশ। যুক্তরাজ্যে এই হার যথাক্রমে ১৫ দশমিক ৬ ও ৩ দশমিক ১ শতাংশ। তরুণদের বেকারত্বের হার তুলনামূলক কম থাকা সত্ত্বেও পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও নরওয়েতে বয়সভেদে ব্যবধান উল্লেখযোগ্য। পোল্যান্ডে তরুণদের বেকারত্ব ১১ দশমিক ৮ শতাংশ এবং বয়স্কদের ২ দশমিক ৮ শতাংশ। চেকিয়ায় এ হার যথাক্রমে ১০ দশমিক ৪ ও ২ দশমিক ৬ শতাংশ। নরওয়েতে তরুণদের বেকারত্ব ১৩ শতাংশ, বিপরীতে বয়স্কদের ৩ দশমিক ১ শতাংশ। অর্থাৎ তিনটি দেশেই তরুণদের বেকারত্ব বয়স্কদের তুলনায় প্রায় চার গুণ। তবে স্পেনের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে দুই বয়সী গোষ্ঠীর মধ্যেই বেকারত্বের হার বেশি। দেশটিতে তরুণদের বেকারত্ব ২৩ দশমিক ৯ শতাংশ এবং ২৫ থেকে ৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৯ শতাংশ। ফলে দুই গোষ্ঠীর বেকারত্বের অনুপাত ২ দশমিক ৭ গুণ। গ্রিসে তরুণদের বেকারত্ব ১৮ দশমিক ৪ শতাংশ এবং বয়স্কদের ৭ দশমিক ৭ শতাংশ; সেখানে অনুপাত ২ দশমিক ৪।
কেন তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি?
বিশেষজ্ঞদের ভাষ্য, বয়স্কদের তুলনায় তরুণদের বেকারত্ব বেশি হওয়া অস্বাভাবিক নয়। তবে দেশভেদে এই ব্যবধানের মাত্রা ভিন্ন হয়ে থাকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কর্মসংস্থান বিশ্লেষণ ও অর্থনৈতিক নীতিবিষয়ক ইউনিটের প্রধান সারা এল্ডার ইউরোনিউজ বিজনেসকে বলেন, কয়েকটি কাঠামোগত কারণে তরুণদের বেকারত্বের হার সাধারণত প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি থাকে। এর মধ্যে অন্যতম হলো কাজের অভিজ্ঞতার অভাব। তরুণদের শ্রমবাজার সম্পর্কে ধারণা ও চাকরি খোঁজার অভিজ্ঞতা তুলনামূলক কম থাকে। এ কারণে নিয়োগদাতারা অনেক সময় নতুনদের চেয়ে অভিজ্ঞ প্রার্থীদের বেশি গুরুত্ব দেন। এ ছাড়া তরুণেরা পছন্দের চাকরি খুঁজতে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। দীর্ঘ সময় ধরে পড়াশোনা চালিয়ে যাওয়ার কারণে অনেকে কর্মজীবনে প্রবেশ করেন না কিংবা সক্রিয়ভাবে চাকরিও খোঁজেন না। যারা চাকরি খোঁজা বন্ধ করে দেন, তারাও শ্রমশক্তির বাইরে থাকেন। ফলে বেকারত্বের হার হিসাবের সময় তাদের অন্তর্ভুক্ত করা হয় না। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ কম থাকলে তুলনামূলক কমসংখ্যক চাকরির বিপরীতে চাকরিপ্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে বেকারত্বের হার বেড়ে যেতে পারে। অর্থনৈতিক মন্দার সময়ও তরুণেরা বেশি ঝুঁকির মুখে থাকেন। নিয়োগের ক্ষেত্রে তারা সাধারণত কম অগ্রাধিকার পান এবং কর্মী ছাঁটাইয়ের সময়ও অনেক ক্ষেত্রে প্রথমে তাদেরই চাকরি হারাতে হয়।
সূত্র: ইউরোনিউজ