বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক, জাতিসংঘে বহুপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত ও মানবিক পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে। বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করতে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন ও যুক্ত হওয়ার অঙ্গীকারের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় বাড়ানো এবং কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির সংস্কৃতি প্রতিরোধ এবং অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের স্থায়ী সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।