মিয়ানমারের সংঘাতকবলিত একটি এলাকায় বিয়ের আয়োজনের মধ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন

মিয়ানমারে বিয়ের বাড়িতে বিমান হামলা, প্রাণ গেল ১৭ জনের

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময়
মিয়ানমারের সংঘাতকবলিত একটি এলাকায় বিয়ের আয়োজনের মধ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলার পর আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের তোলা ছবিতেও অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি। হামলার শিকার এলাকাটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। ঘটনার বিবরণ দিয়ে ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি কাছাকাছি বিমান চলাচলের শব্দ শুনেছিলেন। তবে তাদের এলাকায় বোমা হামলা হতে পারে, তা ভাবেননি। ঘরের ভেতরে প্রবেশের পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলার স্থান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন।

প্রত্যক্ষদর্শী আরও জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল এমন একটি বাড়িতে বোমাটি আঘাত হানে। বিস্ফোরণের পর উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে গিয়ে তিনি ১৭টি মরদেহ ও অনেক আহত মানুষকে পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯