রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে আগুন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের

ঢাকাসহ কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে আগুন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মী রয়েছেন।


রাজধানীর সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার রাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে, আগারগাঁও, সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের ফটক, ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এদিকে সাভার ও আশুলিয়ায় শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হেমায়েতপুরের জোড়পুল এলাকায় শুক্রবার দুপুরে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে শনিবার ভোরে পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সাভারের ব্যাংক টাউন এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় শনিবার ভোরে ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় চলন্ত মেঘলা পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের কাছে বাসস্ট্যান্ডে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া গাজীপুরে সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে দুটি দোকানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।


রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মানিকগঞ্জের সিংগাইরেও এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে শনিবার বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ। খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে যান চলাচল করতে পারে বলে জানানো হয়েছে।


এসব ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। যশোর, নেত্রকোনা, টাঙ্গাইলের মির্জাপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে একই সময়ে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি জোরদার করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯