কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ এবং যানবাহন ভাঙচুরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় প্রায় এক ঘণ্টা উত্তপ্ত ছিল মহাসড়ক। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। কয়েকটি স্থানে টায়ারেও আগুন জ্বালানো হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি কিছু গাড়ির চালকের কাছ থেকে চাবি নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ শুরুর প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গেলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনের অভিযোগ, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানও জানান, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়ক থেকে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।