মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে সরকার নির্ধারিত খরচের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি টাকা দাবি করছে অসাধু দালাল

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৬ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৬ সময়

মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে সরকার নির্ধারিত খরচের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি টাকা দাবি করছে অসাধু দালাল ও সাব-এজেন্ট চক্র। সরকার যেখানে অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে ১ লাখ ৫৪ হাজার টাকা, সেখানে কর্মীদের কাছ থেকে চাওয়া হচ্ছে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। এমনকি অতিরিক্ত টাকা না দিলে বিদেশে পাঠানো হবে না বলেও অভিযোগ উঠেছে। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এই প্রতারণা চক্র। অভিযোগ রয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলো সরাসরি অতিরিক্ত অর্থ দাবি না করে বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও দালালের মাধ্যমে কর্মীদের কাছ থেকে টাকা আদায় করছে।


সম্প্রতি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে মালয়েশিয়ার কলিং ভিসার নামে ৮ লাখ টাকা দাবির অভিযোগে একটি লিখিত আবেদন জমা পড়ে। অভিযোগকারী সায়মন আহমদ লিমন জানান, মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে বনানীর ফায়াজ ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির মালিক রাকিব খান তাঁর কাছে ৮ লাখ টাকা দাবি করেন। অভিযোগটি মন্ত্রণালয়ে জমা হওয়ার পর এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


শুধু লিমন নন, মালয়েশিয়ায় যেতে আগ্রহী আরও অনেক কর্মীর কাছ থেকেও একইভাবে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রাজধানীর ইস্কাটনে কয়েকজন কর্মী জানান, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁদের কাছে ৭ থেকে ৮ লাখ টাকা চাওয়া হচ্ছে। কেউ সরকারি নির্ধারিত খরচের কথা বললে তাঁকে জানানো হচ্ছে, ওই টাকায় যেতে পারলে চলে যেতে পারেন। অন্যদিকে, রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি, তারা সরকার নির্ধারিত খরচেই কর্মী পাঠাতে প্রস্তুত। তবে মধ্যস্বত্বভোগীদের একাধিক হাত ঘুরে কর্মীরা এজেন্সির কাছে পৌঁছানোর কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে।


এদিকে, অতিরিক্ত অর্থ আদায় ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার নির্ধারিত খরচের বাইরে টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আনফিট কর্মীকে ফিট দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে। ইতিমধ্যে অনিয়মকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯