বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাবরক্ষকদের নিজেদের পেশাগত নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।
শনিবার রাজধানীর গুলশানে হোটেল র্যাডিসন ব্লুতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত ‘২৫তম বার্ষিক প্রতিবেদন ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু বলেন, কোনো প্রতিষ্ঠান বা সংগঠনে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চাপিয়ে দেওয়া বা জোর করে কার্যকর করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা নিজেদের পেশাগত আচরণবিধি এবং নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই তাঁদের নিজেদের উদ্যোগেই স্বনিয়ন্ত্রণের চর্চা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠান যদি প্রাতিষ্ঠানিকভাবে এই সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষাব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকেরা সামনের সারিতে রয়েছেন।
আমির খসরু বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও করদাতাসহ অর্থনীতির বিভিন্ন পক্ষের স্বার্থ নির্ভর করে। তাই এসব প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি অতীতে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও জবাবদিহির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। কারণ, এ ধরনের পুরস্কারের মাধ্যমে বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছে যায়। অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের চেয়ারম্যান সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।