ইরানের সঙ্গে থাকা অধিকাংশ স্থলসীমান্ত বন্ধ করে দিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পদক্ষেপে উদ্বেগ তৈরি হয়েছে তেহরানে। পরিস্থিতি সামাল দিতে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) ইরাকের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পর ইরান মূলত স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চালিয়ে আসছে। এখন ইরাকও যদি সীমান্ত বন্ধ করে দেয়, তাহলে স্থলপথে পণ্য পরিবহনের সুযোগও সংকুচিত হয়ে পড়তে পারে। এতে ইরানের বাণিজ্যিক কার্যক্রম আরও চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের ওপর চাপ দিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন পক্ষ আনুষ্ঠানিকভাবে দুটি ছাড়া বাকি সব সীমান্ত পারাপারের পথ বন্ধ করার নির্দেশনা দিয়েছে। যে দুটি পথ খোলা রাখার কথা বলা হয়েছে, তার একটি কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি বাগদাদের কাছাকাছি অবস্থিত।
এদিকে, ইরাককে সীমান্ত বন্ধ না করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শক মোহাম্মদ মোখবের। তিনি ইরাককে উদ্দেশ করে বলেছেন, দেশটি যেন ‘ইসলামের শত্রু ও ট্রাম্পের হাতিয়ারে’ পরিণত না হয়। নৌ-অবরোধের পর এবার স্থলপথেও অবরোধের আশঙ্কা তৈরি হওয়ায় ইরানের উদ্বেগ বেড়েছে। ইরাকের সীমান্তনীতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করতে পারে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতির পরবর্তী গতিপথ।
সূত্র: আলজাজিরা