ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারীরা। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সমন্বয়ে চলমান প্যারিস শান্তি আলোচনা থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে হামাসকে। গোষ্ঠীটি এখনো এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও তারা প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছে।
নতুন প্রস্তাব অনুসারে, গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের হাতে জিম্মি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে। এই প্রস্তাব অনুসারে, হামাসের হাতে আটক একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১০ জন করে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
এই ৪০ দিনে ইসরায়েল বা হামাসের তরফ থেকে কোনো ধরনে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না বলে আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
যুদ্ধবিরতির সময়ে হামাসের হাতে থাকা ১৯ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সী এবং অসুস্থ ৪০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে ৪০০ ফিলিস্তিনিকে এবং ইসরায়েল, এই ৪০০ জনকে আর কখনোই গ্রেপ্তার করবে না এই মর্মে নিশ্চয়তা দেবে।
খসড়া প্রস্তাব মোতাবেক, যুদ্ধবিরতির সময়ে গাজার হাসপাতাল ও বেকারিগুলোকে মেরামত করে পুনরায় চালু করা হবে। প্রতিদিন অঞ্চলটিতে ৫০০ ট্রাক করে ত্রাণ সামগ্রী প্রবেশ করার পাশাপাশি প্রতিটি বাস্তুহারা পরিবারকে এক বা একাধিক তাঁবু ও ক্যারাভান সরবরাহ করা হবে।
বিগত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমা বিশ্বের তরফ থেকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি ও বিদেশিদের মুক্তির বিষয়ে চাপ ক্রমেই বাড়ছে।
এদিকে, গাজা ও পশ্চিম তীরে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও অঞ্চল দুটিতে ইসরায়েলি হামলা ও অভিযান থেমে নেই। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে।