আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে দ্বিতীয় দিনের (১ জুন যাত্রার) ট্রেনের আসন বিক্রি চলছে। এবার ঈদে রেলযাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।
এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩ হাজার ৩১৫টি আসন থাকছে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে।
আগামী দিনের টিকিট বিক্রির সময়সূচি:
ইতিমধ্যে ৩১ মে'র আসন বিক্রি হয়েছে গত ২১ মে। ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে। ৩ নের আসন বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের আসন বিক্রি হবে ৬ মে। এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনগুলো বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এই সময়ে কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিটি টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ ৪টি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।