অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ মে ২০২৫, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ২৭ মে ২০২৫, সকাল ৯:৪৫ সময়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফোরাম: এশিয়ার ভবিষ্যৎ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তার নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে তাকে জাপানের প্রটোকল প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

প্রধান উপদেষ্টা বিকেল ৫টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। একইসাথে, জাপানের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে তার।

২৯ মে নিক্কেই ইনকর্পোরেটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি ‘অশান্ত বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ড. ইউনূস তার বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং একটি ন্যায্য ভবিষ্যৎ নির্মাণে এশিয়ার দেশগুলোর যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করবেন।

নিক্কেই ফোরামে অংশগ্রহণকারী উচ্চপর্যায়ের অতিথিদের মধ্যে থাকবেন লাওস ও পালাউয়ের প্রেসিডেন্ট, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এছাড়াও, প্রধান উপদেষ্টা মানবসম্পদ উন্নয়ন নিয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে ৩০০-রও বেশি অংশগ্রহণকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি জাপানের শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন।

ড. ইউনূস জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তিনি নিক্কেই, এনএইচকে, আসাহি শিম্বুন, আসাহি টিভি ও নিপ্পন টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অংশ নেবেন।

২৯ মে সন্ধ্যায় সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি। সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস ও প্রধানমন্ত্রী ইশিবা। বৈঠকের পূর্বে তাঁকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।

এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, কৃষি উন্নয়ন, মানবসম্পদ এবং রোহিঙ্গা সংকটসহ নানা কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর তিনি ইয়োমিউরি শিম্বুনকে সাক্ষাৎকার দেবেন।

এরপরে জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারির সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন এবং জাপানি বিনিয়োগকারীদের নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। তিনি 'বাংলাদেশ বিজনেস সেমিনার'-এ অংশগ্রহণ করবেন, যেখানে বৈশ্বিক সিইও, সামাজিক উদ্যোক্তা এবং দুই দেশের তরুণ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, সোকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। তিনি সেখানে অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশ হাউসে এক নৈশভোজে যোগ দেবেন।

সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯