আজ বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
সকালে ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক স্থানে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।