খুলনা, ১৪ জুলাই ২০২৪: খুলনা নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে গতকাল (১৩ জুলাই) সন্ধ্যায় পুলিশ পরিচয়ে অপহৃত

পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তা অপহরণ, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৪ সময় , আপডেট সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
খুলনা, ১৪ জুলাই ২০২৪: খুলনা নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে গতকাল (১৩ জুলাই) সন্ধ্যায় পুলিশ পরিচয়ে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল বলে জানা গেছে।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে সুশান্ত কুমার মজুমদারকে ৪ নং ঘাট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ট্রলারে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল এবং পুলিশের হ্যান্ডকাপ ব্যবহার করেছিল। অপহরণের পর চক্রটি পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকেই পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের সাঁড়াশি অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুশান্ত কুমার মজুমদারকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে খুলনা সদর থানায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল এবং পরিবারের পক্ষ থেকে বিকাশে কিছু টাকা পরিশোধও করা হয়েছিল। ঘটনার তদন্তের স্বার্থে বিকাশের সেই এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। তবে, কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এই অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯