ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুস দাসকে (১০) হবিগঞ্জের একটি বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টায় বানিয়াচং উপজেলার মার্কুলি বাজারে পাওয়া যায়। এরপর পুলিশের মার্কুলি নৌ ফাঁড়ি তাকে জিম্মায় নিয়ে অভিভাবককে জানায়।
আয়ুস দাস বানিয়াচং উপজেলার আদুআই গ্রামের শৈলেষ দাসের ছেলে। সে সাভারের ঢাকা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।
আয়ুস দাসের মামা হরিভক্ত দাস জানান, শনিবার সকাল ১০টায় সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ২টায় আয়ুসকে পাওয়া গেছে বলে পরিবারকে মার্কুলি নৌ ফাঁড়ি থেকে জানানো হয়।
মার্কুলি বাজারের ব্যবসায়িদের বরাতে নৌ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে বাজারে অজ্ঞান অবস্থায় একটি শিশু পাওয়া গেছে বলে ফাঁড়িকে জানানো হয়। শিশুটি একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাজারে নেমে তার নাম বলেই জ্ঞান হারায়। বাজারের ব্যবসায়ী ও একই গ্রামের বাসিন্দা আয়ুসকে শনাক্ত করেন। এরপর পুলিশ শিশুটিকে তার এক আত্মীয়ের জিম্মায় দেয়।