২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি-রফতানি শুল্ক ও কর কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বাণিজ্য সহজিকরণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা,

শুল্ক ও কর কাঠামোতে আনা হয়েছে যেসব পরিবর্তন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২৭ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২৭ সময়

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি-রফতানি শুল্ক ও কর কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বাণিজ্য সহজিকরণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা, এবং দেশীয় শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে কর ছাড় ও রেয়াতি সুবিধা যৌক্তিকীকরণ, দীর্ঘমেয়াদি অব্যাহতি হ্রাস এবং ‘অ্যান্টি-এক্সপোর্ট বাইয়াস’ কমানোয় জোর দেয়া হয়েছে।


সোমবার (৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।


পেট্রোলিয়াম পণ্যে শুল্ক হ্রাস

চলতি অর্থবছরের আমদানি শুল্ক কাঠামোতে নতুন দুটি স্তর যোগ করা হয়েছে। সেগুলো হলো- ক্রুড পেট্রোলিয়ামের জন্য ৩ শতাংশ এবং পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের জন্য ৬ শতাংশ। আগে এসব পণ্যে শুল্কহার ছিল ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত।


ক্রুড অয়েলে শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। মোটর স্পিরিট, ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল ১০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬ শতাংশ।

 

রফতানি সহায়ক পরিবর্তন

 


১০৭টি পণ্যের ওপর কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার, ৬০টি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস এবং ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং ৪৩১টি পণ্যের এসডি হ্রাস করা হয়েছে।

 

গার্মেন্টস, ফেব্রিকস ও ফুড পণ্যে এসডি হ্রাস

 


গার্মেন্টস পণ্যে এসডি ৪৫ শতাংশ থেকে ৪০ শতাংশ; ফেব্রিকস ২০ শতাংশ থেকে ১০ শতাংশ; পাস্তা, সিরিয়ালজাত খাবার ৩০ শতাংশ থেকে ২০ শতাংশ; মাইক্রোবাস (১০-১৫ আসন) ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে।


কিছু পণ্যে এসডি বা ডিসি বৃদ্ধি করা হয়েছে। যেমন- গ্রানাইট বা মার্বেল ব্লকে এসডি ২০ শতাংশ থেকে ৪৫ শতাংশ করা হয়েছে। হেলিকপ্টার, মোটর ও এলইডি পার্টস, মিথানল ইত্যাদিতে শুল্ক বাড়ানো হয়েছে।

 

লৌহ ও ইস্পাত

 


লৌহ ও ইস্পাত পণ্যে পরিবর্তন আনা হয়েছে। স্টিল স্ক্র্যাপ, স্পঞ্জ আয়রন, পিগ আয়রনের কাস্টমস ডিউটি সম্পূর্ণ তুলে দিয়ে ভ্যাট ও অগ্রিম আয়কর বাড়ানো হয়েছে। শিপ স্ক্র্যাপের ক্ষেত্রেও সিডি তুলে দিয়ে ভ্যাট ১ হাজার ৮০০ টাকা এবং এআইটি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ন্যূনতম মূল্য ব্যবস্থা বাতিল ও যৌক্তিকীকরণ

 


বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুযায়ী ১৩টি হেডিংয়ের পণ্যের জন্য আরোপিত ন্যূনতম মূল্য বাতিলের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পাঁচটি হেডিংয়ের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করা হয়েছে; বিশেষ করে চকোলেট, কসমেটিকস, লিপস্টিক, ফেসক্রিম, ওভেন ইত্যাদি পণ্যে।


কাস্টমস আইন সংশোধন

 


কাস্টমস আইন ২০২৩-এ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যেমন-ডি মিনিমিস সীমা ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা; বিলম্বে শুল্ক পরিশোধে বার্ষিক ১০ শতাংশ সুদের পরিবর্তে মাসিক ১ শতাংশ সুদ; মিথ্যা ঘোষণায় শাস্তির সীমা নির্ধারণে ৪ হাজার টাকার বেশি কর পরিহার হলে তবেই নোটিশ; কাস্টমস কর্মকর্তার দায়িত্ব বণ্টনে কমিশনারের ক্ষমতা বৃদ্ধি; কার্গো ঘোষণায় জরিমানার ন্যূনতম সীমা বিলোপ।

 

রেয়াতি সুবিধা ও নতুন প্রজ্ঞাপন

 


কৃষি ও খাদ্য খাতে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক; কম্বাইন হারভেস্টার তৈরির যন্ত্রাংশে রেয়াতি সুবিধা; নিউট্রালাইজড সয়াবিন অয়েল আমদানিতে সিডি প্রত্যাহার; গবাদিপশুর খাদ্য উপাদান ক্যালসিড প্রোম্যাক্স তৈরির কাঁচামালে সম্পূর্ণ শুল্ক ছাড়।


মূলধনি যন্ত্রপাতি

 


নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমদানি শুল্ক ১ শতাংশ সীমিত রেখে বাকি শুল্ক মওকুফ করা হয়েছে।

 

ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য খাত

 


ক্যানসার প্রতিরোধী ও এপিআই পণ্যের ৩৬টি কেমিক্যালে শুল্ক, ভ্যাট ও রেগুলেটরি ডিউটি মওকুফ করা হয়েছে। ৫০ শয্যার বেশি হাসপাতালের যন্ত্রপাতিতে মাত্র ১ শতাংশ শুল্ক রাখা হয়।


অন্যান্য খাত

 


ম্যানমেড ফাইবার, ই-বাইক ও লিথিয়াম ব্যাটারি উৎপাদন সরঞ্জামে রেয়াত; নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়। অ্যামিউজমেন্ট পার্ক সরঞ্জামে সিডি মাত্র ১০ শতাংশ করা হয়েছে।

 

এইচ কোড বাতিল

 


১০৭টি ব্যবহারকারীভিত্তিক এইচএস কোড বাতিল করা হয়েছে। ফলে একই পণ্যে ভিন্ন কোডের অসামঞ্জস্যতা দূর হয়েছে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য এসেছে।

 

ব্যক্তিগত যাত্রী ব্যাগেজ বিধিমালা সংশোধন

 


সাধারণ যাত্রীরা ৬৫ কেজি ব্যাগেজ, দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও নির্দিষ্ট ব্যক্তিগত সামগ্রী শুল্কমুক্ত আনতে পারবেন। বিএমইটি কার্ডধারীরা বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। ঘোষণা দিয়ে সর্বোচ্চ ১০ তোলা স্বর্ণের বার এবং ২০ তোলা রুপার বার শুল্ক পরিশোধ করে আনা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯