চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিল্লাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্তের মাধ্যমে শনিবার রাতে ফটিকছড়ির ভূজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, নিহত ভিকটিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আরমান হোসেনকে গত ২ জানুয়ারি সন্ধ্যায় আল আমীন নামের এক ব্যক্তি ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সেই রাতেই আল-আমীন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এই ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ১০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর গত ১৬ জানুয়ারি মামলার প্রধান আসামি আল আমীনকে কুমিল্লার লাকসাম ও অপর এক আসামি জসিম উদ্দীনকে ভোলার লালমোহন থেকে গ্রেফতার করে র্যাব।