ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও কাতারে হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের এই অকারণ ও অন্যায় আগ্রাসন শুধু কাতারের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি চরম অবমাননা। বাংলাদেশের মতে, এ ধরনের আক্রমণ ইসরায়েলের লাগামহীন আগ্রাসনেরই অংশ, যারা দীর্ঘদিন ধরে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের অসংখ্য প্রস্তাবকে অবজ্ঞা করে আসছে।
দোহায় আয়োজিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইসরায়েলের উসকানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ড রোধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী। উদ্বোধনী ভাষণে ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত মুসলিম বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।