পটুয়াখালীর মহিপুর উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। ফলে এলাকাজুড়ে নেমে এসেছে উদ্বেগ ও শোকের ছায়া।
নিখোঁজ জেলেরা হলেন- রায়হান হাওলাদার, কাইউম, ইউনুস, মিলন বিশ্বাস ও মিরাজ বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ভোরে নতুনপাড়া জেলেঘাট থেকে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেন। ১ অক্টোবর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে ফোন বন্ধ এবং অবস্থান অজানা।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, “আমার ভাইসহ তারা পাঁচজন সাধারণত দুই দিন পরপর ঘাটে ফিরে আসতেন। কিন্তু এবারে সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খবর পাচ্ছি না। হয়তো নিম্নচাপের কারণে নৌকাটি ডুবে গেছে বা ইঞ্জিন বিকল হয়ে কোথাও ভেসে আছে।”
ঘটনার পর থেকে নতুনপাড়া ও আশপাশের জেলে পল্লিতে নেমে এসেছে শোকের আবহ। পরিবারগুলো প্রতিদিন ঘাটে এসে অপেক্ষা করছে প্রিয়জনদের ফেরার আশায়।
স্থানীয় মহাজন সগীর বুড়া বলেন, “ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা ছিল। এখন তাদের খোঁজ না পেয়ে আমিও দুশ্চিন্তায় আছি। পরিবারগুলো মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।”
স্থানীয় জেলে জাকির জানান, নিখোঁজ জেলেদের খোঁজে আশপাশের একাধিক নৌকা সমুদ্রে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনাটি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “গত ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ হন। তাদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা তাদের খোঁজে কাজ করছি। আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু করা হবে।”
এদিকে, চলমান ইলিশ আহরণ নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে গভীর সমুদ্রে পরিস্থিতি অনুকূল না থাকায়, নিখোঁজ জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে।