ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী বাহিনী এখন পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে, ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির (বাসারনাস) অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তি জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে। ধসে পড়া স্কুলভবনের পাশাপাশি সংলগ্ন একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধারকাজে আরও জটিলতা সৃষ্টি করেছে।
ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) এর প্রধান আবদুল মুহারি জানান, আহত ১০৪ জনের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এটি ইন্দোনেশিয়ার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ঘটনা, যেখানে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিল। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভবনের ছাদে সম্প্রসারণ কাজ চলছিল, কিন্তু নির্মাণের জন্য উপযুক্ত ভিত্তি স্থাপন করা হয়নি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।