ঢাকা | |

রোহিঙ্গা গণহত্যার রায়ে নতুন নজির গড়ল আইসিজে

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৩ সময়
রোহিঙ্গা গণহত্যার রায়ে নতুন নজির গড়ল আইসিজে
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া এ রায়ের মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে কোনো ব্যক্তির পরিবর্তে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনা হলো। যদিও আইসিজের নিজস্বভাবে রায় বাস্তবায়নের ক্ষমতা নেই, তবু মিয়ানমারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। একই সঙ্গে গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায় ভবিষ্যতে আদালতে চলমান অন্য গণহত্যার মামলাতেও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে গাজায় সহিংসতার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাটিও রয়েছে। রায় ঘোষণার আগে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেছিলেন, এই সিদ্ধান্ত শুধু মিয়ানমারের বিষয় নয়; বরং ভয়াবহ অপরাধের শিকার মানুষের জন্য আন্তর্জাতিক আইন কতটা ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, তারও একটি পরীক্ষা।

আদালতের রায়ে কী বলা হয়েছে?
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রায় পড়ে শোনান। ১৫ সদস্যের বিচারক প্যানেলের ৯-৬ ভোটে সিদ্ধান্ত হয়, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। অন্য একটি সিদ্ধান্তে ১৪-১ ভোটে আদালত জানান, গণহত্যা সনদের অধীনে মিয়ানমারকে তার বাধ্যবাধকতা লঙ্ঘন বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বও দেশটির ওপর বর্তায়। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রায় বাস্তবায়ন হবে কীভাবে?
আইসিজের রায় কার্যকর করার সরাসরি কোনো ক্ষমতা নেই। এ ক্ষেত্রে আদালত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা নিতে পারেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে কতটা চাপ প্রয়োগ করে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে আন্তর্জাতিক চাপ থাকলেও রায় বাস্তবায়ন কঠিন হতে পারে। এদিকে পৃথক একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিবেচনা করছে। তাঁদের মধ্যে দেশটির সাবেক সামরিক প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংও রয়েছেন। আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে, অন্যদিকে আইসিসিতে ব্যক্তির বিরুদ্ধে বিচার করা হয়।

রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় ও দীর্ঘদিনের নিপীড়ন
১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর মিয়ানমারের নাম ছিল বার্মা। সে সময় দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে মুসলিম রোহিঙ্গারাও ছিল। তাঁরা সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন গড়েছেন এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। তবে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিজেদের আবাসভূমিতে ধীরে ধীরে নিপীড়নের শিকার হতে থাকেন রোহিঙ্গারা। রাখাইন জাতিগোষ্ঠীর বৌদ্ধ এবং সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠীর একাংশের কাছ থেকে তাঁরা বৈষম্য ও দমন-পীড়নের মুখে পড়েন। ১৯৮২ সালে মিয়ানমারের সামরিক সরকার বৈষম্যমূলক নাগরিকত্ব আইন প্রণয়ন করে। এর ফলে রোহিঙ্গারা কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়েন। ২০১২ সালের মধ্যে তাঁদের চলাচল ও সভা-সমাবেশের স্বাধীনতা সীমিত হয়ে যায়। আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা, শিশুদের শিক্ষার সুযোগ বাধাগ্রস্ত করা এবং বন্দিশিবিরে আটকে রাখার মতো ঘটনাও ঘটে। পাশাপাশি বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ ও হামলার শিকার হন তাঁরা। ২০১৬ ও ২০১৭ সালের ভয়াবহ সহিংসতার আগেই এসব নিপীড়ন চলছিল। নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারসহ মিয়ানমারের একাধিক সরকার রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। বরং তাঁদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করা হয়।

গণহত্যার অভিযোগে মামলা কেন?
২০১৭ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালান। এর জবাবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘শুদ্ধি অভিযান’ শুরু করে। অভিযোগ রয়েছে, এই অভিযানের মাধ্যমে পরিকল্পিতভাবে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে শাস্তির মুখে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালান। এসব ঘটনায় মানুষ হত্যা, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রায় ৪০০টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

জাতিসংঘের তদন্তকারীদের মতে, ওই অভিযানে ১০ হাজার মানুষের মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে বৃদ্ধদের শিরশ্ছেদ এবং নারী ও শিশুদের একটি ভবনে আটকে আগুন দেওয়ার মতো ভয়াবহ ঘটনার বিবরণ রয়েছে। এই সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগের বছর থেকেই তাঁদের অনেকে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছিলেন। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছেন। নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে তাঁদের অনিশ্চয়তা কাটেনি। ২০২১ সালে মিয়ানমারে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হয়। এরপর রোহিঙ্গাদের আদি আবাসভূমির বড় একটি অংশ রাখাইন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। ওই গোষ্ঠীর বিরুদ্ধেও শত শত রোহিঙ্গাকে হত্যার অভিযোগ রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া মালয়েশিয়ায় পৌঁছাতে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে বহু রোহিঙ্গার মৃত্যু হয়েছে। দেশটিতে পৌঁছানো অনেকেই কম মজুরিতে কাজ করতে বাধ্য হন। শরণার্থীশিবিরগুলোতে মানব পাচারকারীদের তৎপরতাও রয়েছে। একই সময়ে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মামলাটিতে সমর্থন জানায়। পরে আরও ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে মামলার পক্ষে অবস্থান নেয়। এর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে যুক্তরাষ্ট্র গণহত্যা বা জেনোসাইড হিসেবে ঘোষণা করেছিল।

জেনোসাইড বা গণহত্যার সংজ্ঞা কী?
হলোকাস্টের ভয়াবহতার পর ১৯৪৮ সালে জাতিসংঘ জেনোসাইডকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে। সংজ্ঞা অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড পরিচালনা করা হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে রয়েছে কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা, তাঁদের শারীরিক বা মানসিকভাবে গুরুতর ক্ষতি করা এবং এমন পরিস্থিতি সৃষ্টি করা, যা ওই জনগোষ্ঠীকে শারীরিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তবে কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি ধ্বংস করলেই সেটিকে জেনোসাইড বলা যায় না। এ ধরনের অপরাধ প্রমাণের জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল—এটি প্রতিষ্ঠা করা জরুরি। জাতিসংঘের মতে, এই উদ্দেশ্য প্রমাণ করাই গণহত্যার মামলায় সবচেয়ে কঠিন বিষয়।

২০১৭ সালে গ্রাম ধ্বংসের পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন মোহাম্মদ ফুরখান। তিনি বলেন, সেনাবাহিনী তাঁদের হত্যা করেছে, মা-বোনদের ধর্ষণ করেছে, গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং সব ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাঁর অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করাই ছিল এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য।তিনি আরও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক আদালত এই ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ